প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদায় ৫ জন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। তারা হলেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অন্যদিকে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহদী আমিন এবং রেহান আসিফ আসাদ।
নবনির্বাচিত এই উপদেষ্টারা সরকারের নীতি নির্ধারণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন। আজ বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ গ্রহণের পর এই নিয়োগের বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হলো।
মানবকণ্ঠ/ডিআর




Comments