Image description

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান্ড ও ফিজিতে সিয়াম সাধনা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি, শুক্রবার থেকে। বুধবার সন্ধ্যায় দেশ দুটির আকাশে রমজানের নতুন চাঁদ দেখা না যাওয়ায় স্থানীয় ইসলামিক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ আলাদা বিবৃতিতে জানায়, বুধবার শাবান মাসের ২৯ তারিখ থাকলেও চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হবে। সে অনুযায়ী শুক্রবার থেকে দেশ দুটিতে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, নিউজিল্যান্ড ও ফিজি এমন ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, যেখান থেকে বুধবার সন্ধ্যায় খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও চাঁদ দেখার সম্ভাবনা ছিল না। স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের অনেক দেশে ইতোমধ্যে রমজান মাস শুরু হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, আফগানিস্তান ও ফিলিস্তিনসহ বেশ কিছু দেশে রোজা শুরু হয়। অন্যদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ওমান ও মিসরসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ১৯ ফেব্রুয়ারি থেকে সিয়াম সাধনা শুরু হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

মানবকণ্ঠ/ডিআর