মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে এক দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান। ১১ সদস্যের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন জার্মানির জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে বিশেষ বিমানে করে প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছায়। কক্সবাজার বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান।
বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি সরাসরি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ে যান। সেখানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা শিবিরে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভা শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে নেকমেতিন বিলাল এরদোয়ান বলেন, “রোহিঙ্গাদের সসম্মানে তাঁদের জন্মভূমিতে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের শুরু থেকেই তুরস্ক সরকার তাঁদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।” এ সময় তিনি বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা শিবিরে পৌঁছায়। সেখানে তাঁরা তুর্কি ফিল্ড হাসপাতাল এবং তুরস্কের স্বেচ্ছাসেবী সংস্থা ‘টিকা’ (TIKA) পরিচালিত মাল্টিপারপোজ এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার পরিদর্শন করেন। সফরের অন্যতম আকর্ষণ হিসেবে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন।
বিকেলে খেলা শেষে তাঁরা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন। এই সফরে প্রতিনিধি দলটি রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম ও বর্তমান পরিস্থিতি সশরীরে পর্যবেক্ষণ করছেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার সভাপতি আব্দুল্লাহ এরেন এবং ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনসহ বিশিষ্ট ব্যক্তিরা। সফর শেষে আজ রাতেই প্রতিনিধি দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments