ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম। দেশের স্বার্থ বিবেচনায় আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে তিনি জানান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী রেল খাতে দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার বিষয় তুলে ধরে বলেন, অনেক জায়গায় রেললাইন নির্মাণ শেষ হলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চালু করা যায়নি। কোথাও ইঞ্জিন এসেছে, কিন্তু বগি না থাকায় সেবা শুরু সম্ভব হয়নি।
তিনি জানান, প্রধানমন্ত্রী রেল খাতে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি তৈরি করা সম্ভব কি না তা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় সমন্বয় এনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রার সময় কমানো, প্রথম ও দ্বিতীয় শ্রেণির যাত্রীসেবার মান উন্নয়ন এবং ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার বিষয়েও দিকনির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments