Image description

সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ড. ইউনূসের সরকার বিদায় নেওয়ার আগে চিন্তার বাইরে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে। কী সেই চুক্তি, চুক্তির ভেতরে কী আছে, কী শর্ত আছে, তারা আমাদের কাছ থেকে কত শতাংশ শুল্ক নেবে এবং শুল্ক যা তারা যে কমাবে, কমানোর বিনিময়ে তাদের কোন কোন জিনিস আমাদের এখানে বিনা শুল্কে ঢুকাতে হবে অথবা তাদের সঙ্গে আমাদের কি কি ক্রয়চুক্তি হয়েছে, মানে আমরা কি কি তাদের কাছ থেকে কিনব বলে অঙ্গীকার করেছি, কোন দামে কিনব বলে অঙ্গীকার করেছি- এর কিছুই আমরা কেউ জানি না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘কথা’ নামের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

মাসুদ কামাল বলেন, এই চুক্তিটা আসলে কোথায় নিয়ে ঠেকাবে আমাদের, এটা মানে নিয়ে আলোচনাও হয়নি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে অভিনন্দন জানিয়েছেন, সে অভিনন্দনের ভাষাটা শুনলে আপনি বুঝবেন তাদের মূল লক্ষ্য ছিল চুক্তিটা।

এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, ট্রাম্প চিঠিতে লিখেছেন যে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি। উনার সফল মেয়াদ আপনাকে কামনা করতে হবে কেন? উনি তো পূর্ণ মেয়াদে থাকবেন। আবার কামনা করতে হচ্ছে কেন? তার মানে এখানে একটা ‘কিন্তু’ আছে যে আমি সফল মেয়াদ কামনা না করলে আপনি থাকতে পারবেন না। একটা হুমকি আছে।