আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর নেতৃত্বে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশে ফেব্রুয়ারি সকালে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান জোটের সংসদ সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন। সেখানে তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাঁদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments