একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ঘণ্টার মধ্যে অন্তত ১০–১২টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টা ১ মিনিটে মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। ভিড়ের সুযোগে চক্রটি সক্রিয় হয়ে ওঠে বলে ধারণা করা হচ্ছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। কিন্তু এদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল হারিয়েছেন, তারা জিডি করুন।
পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে তারা কাজ করছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আশপাশে নজরদারি জোরদার করা হয়েছে। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতি বছর একুশের প্রথম প্রহরে ব্যাপক জনসমাগম হয়। এ ধরনের ভিড়ে ব্যক্তিগত নিরাপত্তা ও মূল্যবান সামগ্রী রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।




Comments