Image description

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী রেজাউল করিম বাদশাকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, বগুড়া-৬ আসনটি জিয়া পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এখান থেকে পরিবারের কোনো সদস্য প্রার্থী হতে পারেন। তবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, জিয়া পরিবারের কেউ এই উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন না। এর প্রেক্ষিতেই জেলা বিএনপির কাণ্ডারি রেজাউল করিম বাদশাকে এই গুরুত্বপূর্ণ আসনের জন্য বেছে নেওয়া হলো।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্ভাব্য প্রার্থীরা আগামী ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। এরপর ৬ থেকে ১০ মার্চ আপিল শুনানি, ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে জয়লাভ করেন। ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনটি নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করার আবেদন দাখিল করেন। এরই ধারাবাহিকতায় এই উপ-নির্বাচনের আয়োজন করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর