বিয়ের প্রলোভন ও অর্থ আত্মসাতের মামলায় জামিন পাওয়ার মাত্র একদিন পরই নতুন বিতর্কে জড়িয়েছেন বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। অভিযোগ উঠেছে, আদালতের মাধ্যমে আপস করার শর্তে জামিন পাওয়ার পর ওই রাতেই মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যাকে বাসায় নিয়ে পুনরায় মারধর ও শারীরিক হেনস্তা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন মামলার বাদী অনন্যা। এসময় তিনি তার শরীরে ও হাতে থাকা জখমের চিহ্ন প্রদর্শন করেন।
অনন্যা অভিযোগ করে বলেন, ‘গত মঙ্গলবার নোবেল আদালত প্রাঙ্গণে হাত-পা ধরে কান্নাকাটি করে এবং ভবিষ্যতে সব ঠিক করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আপসের শর্তে জামিন নেয়। কিন্তু জামিন পেয়েই সে তার আসল রূপ ধারণ করে। কেন তার বিরুদ্ধে মামলা দিয়েছি—এই ক্ষোভে সে আমাকে বাসায় নিয়ে সারারাত মারধর করেছে।’ অনন্যার মা বিবি কুলসুমও একই অভিযোগ করে বলেন, নোবেল একজন নেশাগ্রস্ত মানুষ এবং সে সাধারণ মানুষের সামনে নিজেকে ভিকটিম হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে সে অত্যন্ত সহিংস।
বাদীর আইনজীবী সাজিদুল ইসলাম জানান, বিয়ে করার শর্তে এবং সুন্দরভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার আশ্বাসে বাদী পক্ষ নোবেলের জামিনের বিরোধিতা করেনি। কিন্তু জামিন পাওয়ার পর রাতেই বাদীকে মারধর করে সে মুচলেকায় দেওয়া শর্ত ভঙ্গ করেছে। এ অবস্থায় নোবেলের জামিন বাতিলের আবেদন করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাৎ, আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগে গত বছরের আগস্টে নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছিলেন অনন্যা। পিবিআই-এর তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গত সোমবার নারায়ণগঞ্জ থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার ১ হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছিলেন আদালত।
বর্তমানে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন। এ বিষয়ে জানতে কণ্ঠশিল্পী নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments