ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপিতে নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত মো. সরওয়ার এই দায়িত্ব পালন করবেন।
এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে বর্তমান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ ছিল আগামী নভেম্বর পর্যন্ত।
শেখ মো. সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে তিনি চাকরিচ্যুত হন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দিয়েছিল।
নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত মো. সরওয়ার ডিএমপির প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম এগিয়ে নেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments