বাঁধ নির্মাণে দুর্নীতিরোধে আমরা প্রহরীর ভূমিকা পালন করছি: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে কেউ যেন দুর্নীতির সুযোগ না পায়, সেজন্য সরকার প্রহরীর মতো সজাগ দৃষ্টি রাখছে। তিনি বলেন, “বিগত সময়ে হাওরের বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা সেই খাতকে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়ে আসার চেষ্টা করছি।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ‘চন্দ্র সোনার তাল’ হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করছি। তিনি সার্বক্ষণিকভাবে এ অঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজখবর রাখছেন। নদী খনন, খাল খনন এবং টেকসই বাঁধ নির্মাণ বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব।
তিনি আরও বলেন, “হাওরের ফসল রক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রকল্প। পানি মন্ত্রণালয় এটি সরাসরি তদারকি করছে। বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর স্বচ্ছতা ও দুর্নীতিরোধ নিশ্চিত করে সম্পন্ন হয়, সেদিকে আমাদের কঠোর নজরদারি থাকবে।”
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সংসদ সদস্য নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কায়সার আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মানবকণ্ঠ/ডিআর




Comments