Image description

এমপি কিংবা মন্ত্রী হওয়ার পর যদি জনপ্রতিনিধিদের স্বভাব-চরিত্রের পরিবর্তন ঘটে, তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তার উপযুক্ত জবাব দেবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর এলাকায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “সামনে স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে আপনারা নিজ নিজ দলের প্রার্থীর জন্য ভোট চেয়েছেন, কেউ এমপি হয়েছেন আবার কেউ মন্ত্রী হয়েছেন। কিন্তু মনে রাখবেন, জনগণের দেওয়া আমানত রক্ষা করতে হবে। যদি আপনাদের আচার-আচরণে অহংকার আসে বা স্বভাব পরিবর্তন হয়, তবে স্থানীয় নির্বাচনে মানুষ আবার ব্যালটের মাধ্যমে জবাব দেবে।”

নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে দলমত নির্বিশেষে সকল নাগরিক মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে।”

সরকারের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদের আগে ফ্যামিলি কার্ড, ভিজিডি, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি সহযোগিতা প্রকৃত অভাবী মানুষের হাতে পৌঁছাতে আপনাদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে। দেখা যায়, অনেক সময় স্বচ্ছল মানুষ প্রতিবন্ধী ভাতা পায়, যা অত্যন্ত দুঃখজনক। প্রকৃত ভুক্তভোগীরা যেন বঞ্চিত না হয়, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। সরকারের মূল লক্ষ্যই হলো মানুষের সেবা করা এবং তাদের সমর্থন ধরে রাখা।”

পথসভায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী সড়ক পথে বরিশাল যাওয়ার পথে মস্তফাপুরে যাত্রা বিরতি করেন।

মানবকণ্ঠ/ডিআর