ইরানি ভূখণ্ডে চালানো সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মতে, চলমান সংঘাত বন্ধ করে সকল পক্ষকে দ্রুত ‘রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে’ ফিরে আসা জরুরি। আল জাজিরার এক প্রতিবেদনে রাশিয়ার এই অবস্থানের কথা জানানো হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপগুলোর’ দ্রুত একটি বস্তুনিষ্ঠ মূল্যায়ন করা। মস্কো সতর্ক করে বলেছে, এ ধরনের সামরিক কর্মকাণ্ড পুরো মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার চরম ঝুঁকি তৈরি করছে। বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যেকোনো শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় রাশিয়া আগের মতোই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযানের কড়া সমালোচনা করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি এক বিবৃতিতে বলেন, ‘তথাকথিত শান্তিপ্রতিষ্ঠাকারী যুক্তরাষ্ট্র আবারও তার আসল রূপ দেখিয়েছে। ইরানের সঙ্গে সব আলোচনাই ছিল মূলত একটি সাজানো নাটক বা ছদ্মাবরণ। এ নিয়ে কারও কোনো সন্দেহ ছিল না; কেউই আসলে কোনো বিষয়ে সমঝোতা করতে চায়নি।’
ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে মেদভেদেভ আরও বলেন, ‘এখন মূল প্রশ্ন হলো, শত্রুর কঠিন পরিণতির জন্য কার ধৈর্য বেশি। যুক্তরাষ্ট্রের বয়স মাত্র ২৪৯ বছর। অথচ পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল ২,৫০০ বছরেরও বেশি সময় আগে। দেখা যাক আগামী ১০০ বছরে কী হয়।’
উল্লেখ্য, আজ শনিবার ভোরে ইরানে বড় ধরনের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। দুই পক্ষের এই ভয়াবহ লড়াইয়ে পুরো মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে এবং ওই অঞ্চলের অধিকাংশ দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments