Image description

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সকল সামরিক লক্ষ্যবস্তু ‘ইরানি ক্ষেপণাস্ত্রের শক্তিশালী আঘাতে’ বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, শত্রুর চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।

আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়েছে যে, এই অঞ্চলে থাকা সকল মার্কিন সম্পদ, সামরিক ঘাঁটি ও স্থাপনাকে এখন থেকে ইরানের সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে তেহরান এখন পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করেছে।

এদিকে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানী তেহরানের বাসিন্দাদের দ্রুত শহর ছাড়ার পরামর্শ দিয়েছে। এক জরুরি বিজ্ঞপ্তিতে তারা নাগরিকদের উদ্দেশ্যে বলেছে, "আপনারা যতদূর সম্ভব শান্ত থাকুন এবং সামর্থ্য থাকলে নিরাপদ বোধ করেন এমন অন্য কোনো এলাকা বা শহরে চলে যান।" এই নির্দেশের পর তেহরান থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাধারণ মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের জানজান শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বা কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আল জাজিরা ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান এই নজিরবিহীন পাল্টা আক্রমণ শুরু করেছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন ভয়াবহ এক আঞ্চলিক যুদ্ধের মুখে দাঁড়িয়েছে।

মানবকণ্ঠ/ডিআর