Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে শনিবার সকাল থেকে ইসরায়েল অভিমুখে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিলেও কিছু ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, আকাশেই ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়েছে।

চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। এছাড়া ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়ায় কিছু সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আয়রন ডোম, ডেভিডস স্লিং এবং অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করেছে এবং বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এদিকে, এই হামলা নিয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জনগণকে সতর্ক থাকতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য পরবর্তী হামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

মানবকণ্ঠ/ডিআর