মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা: উত্তাল সৌদি-বাহরাইন-কাতার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান।
সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, সৌদি আরবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনায় এই অভিযান পরিচালিত হচ্ছে বলে আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের (Fifth Fleet) সদর দপ্তরেও সফল হামলার দাবি করেছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর জানানো হয়েছে। একই সময়ে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর কয়েক ঘণ্টার ব্যবধানে এই পাল্টা আক্রমণ শুরু করে তেহরান। দুই পক্ষের এই বিধ্বংসী লড়াইয়ের ফলে পুরো মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এই সংঘাত আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বনেতারা নজর রাখলেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মানবকণ্ঠ/ডিআর




Comments