ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনাকে ‘নিন্দনীয়’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব ধরনের রীতিনীতির এক সুস্পষ্ট লঙ্ঘন।
ক্রেমলিন থেকে প্রকাশিত এক শোকবার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উদ্দেশে পুতিন এই গভীর সমবেদনা জানান। চিঠিতে পুতিন উল্লেখ করেন, “ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনি এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে আমার গভীর শোক ও সমবেদনা গ্রহণ করুন। এই বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক আইনের সব নিয়মকে পদদলিত করেছে।”
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৮৬ বছর বয়সে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় খামেনি নিহত হন।
শোকবার্তায় পুতিন খামেনির নেতৃত্বের প্রশংসা করে বলেন, “রাশিয়ায় খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে সর্বদা স্মরণ করা হবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং রাশিয়া-ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিতে উন্নীত করতে তাঁর ব্যক্তিগত ভূমিকা ছিল অনস্বীকার্য।”
পুতিন প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অনুরোধ করেন যেন তাঁর এই সমবেদনা ও সমর্থনের বার্তা সর্বোচ্চ নেতার শোকসন্তপ্ত পরিবার, ইরান সরকার এবং সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নজিরবিহীন যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় খামেনিসহ ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিহত হন। ইরানের দাবি অনুযায়ী, দখলদার বাহিনীর এই হামলায় দুটি বালিকা বিদ্যালয়েও বোমা বর্ষণ করা হয়েছে, যেখানে শতাধিক নিরপরাধ ছাত্রী প্রাণ হারিয়েছে। এর জবাবে ইরান ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে থাকা ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু পাল্টা হামলা শুরু করেছে।
সূত্র : রয়টার্স
মানবকণ্ঠ/আরআই




Comments