শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও দ্রুত কারিকুলাম প্রণয়নের নির্দেশ শিক্ষামন্ত্রীর
দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকলকে সৃজনশীল প্রস্তাব ও কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রচলিত প্রশাসনিক মন্ত্রণালয় নয়; এটি একটি মৌলিক ও জাতি গঠনের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে।”
রোববার (১ মার্চ) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রী শিক্ষাব্যবস্থায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা বা ‘রেড টেপ’ দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী জানান, ২০২৭ সালের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। কোর্স ও কারিকুলামকে আরও সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল করতে সংশ্লিষ্টদের নিজ নিজ কাজ পর্যালোচনা করে উন্নয়নমূলক প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।
ড. এহছানুল হক মিলন আরও বলেন, “এটি আপনার দেশ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং নতুন পরিকল্পনা নিয়ে আসতে হবে।” তিনি উন্নত বিশ্বের শিক্ষামডেল ও গবেষণালব্ধ জ্ঞান ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতিতে সংযুক্ত করার বিষয়েও আলোকপাত করেন।
সভায় উপস্থিত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্টদের কাছ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব আহ্বান করেন। তিনি বলেন, মাদ্রাসা বোর্ড ও সংশ্লিষ্ট অধিদপ্তরের দায়িত্ব, শিক্ষকসংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে একটি সুসংগঠিত ‘সলিউশন লিস্ট’ (সমাধান তালিকা) মন্ত্রণালয়ে উপস্থাপন করা প্রয়োজন। এতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।
মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments