Image description

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ‘লঙ্ঘন’। রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়ে এ মন্তব্য করেছেন তিনি।

এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, খামেনির শাহাদাতের এই শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান।

শাহবাজ শরিফ বলেন, এটি একটি প্রাচীন রীতি যে, কোনও রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতার আত্মার শান্তি কামনা করেন এবং দেশটির জনগণের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।    

পৃথকভাবে পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বলেছেন, এই শোকের মুহূর্তে পাকিস্তান ইরানি জাতির পাশে আছে এবং তাদের ব্যথায় সমব্যথী। তিনি বলেছেন, খামেনির মতো একজন উচ্চমাপের নেতা এবং অন্যান্য জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের চলে যাওয়া পুরো মুসলিম বিশ্ব গভীরভাবে অনুভব করবে। প্রেসিডেন্ট নিহতদের আত্মার মাগফিরাত এবং ইরানের জনগণের জন্য দোয়া করেন।