Image description

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রভাবে একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আরও ৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে ঢাকা ও চট্টগ্রাম থেকে সর্বমোট ১৪৭টি ফ্লাইট বাতিল হলো।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলার জেরে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশপথ বন্ধ বা অনিরাপদ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর গন্তব্য ছিল শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহা।

বাতিল হওয়া ৩৮টি ফ্লাইটের মধ্যে রয়েছে—এয়ার অ্যারাবিয়ার ১২টি, কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং কুয়েত এয়ারের ২টি ফ্লাইট।

এদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও স্থবিরতা নেমে এসেছে। মঙ্গলবার সকালের ৭টিসহ এ পর্যন্ত এই বিমানবন্দর থেকে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ফ্লাইট বাতিলের এই ধারা শুরু হয় গত শনিবার থেকে। ওইদিন ২৩টি, রোববার ৪০টি এবং সোমবার ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়। আজকের ৩৮টিসহ চার দিনের ব্যবধানে বাতিলের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টিতে।

বর্তমানে কাতার, কুয়েত, বাহরাইন ও আরব আমিরাতের কিছু রুটে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হলেও অধিকাংশ গুরুত্বপূর্ণ ফ্লাইট বাতিল থাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন হাজার হাজার প্রবাসী যাত্রী। আকাশপথের এই অস্থিরতা কবে নাগাদ স্বাভাবিক হবে, তা নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

মানবকণ্ঠ/আরআই