পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। বৃহস্পতিবার (৫ মার্চ) দেওয়া হচ্ছে আগামী ১৫ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, গত ৩ মার্চ থেকে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন ১৩ মার্চের এবং দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ১৪ মার্চের টিকিট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের টিকিট বিক্রি করা হবে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে এই টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ডযোগ্য হবে না। এদিকে, সাধারণ যাত্রীদের অনুরোধে যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রির সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে।
সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঘরমুখো মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়।
মানবকণ্ঠ/আরআই




Comments