পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সরকারি ছুটি একদিন বাড়িয়ে ১৮ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাধারণ ছুটির অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি জানান, ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত সহজ করতে এবং মহাসড়কে চাপ কমাতে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করা হয়েছে। ফলে ১৮ মার্চ থেকেই সরকারি ছুটি কার্যকর হবে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও বলেন, ‘আজকের সভায় মন্ত্রিসভার নিয়মিত আলোচনার পাশাপাশি আসন্ন প্রথম সংসদ অধিবেশন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়া সার্বিক দিক বিবেচনা করে ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মন্ত্রিসভা বৈঠকে রমজান মাসের বাজার নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments