এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত আজারবাইজানের নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দেশটির একটি বিমানবন্দর ও একটি স্কুলে এই হামলা চালানো হয়। এতে অন্তত দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে আজারবাইজান কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি ড্রোন নাখচিভান বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত হানে, যার ফলে ভবনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। অন্য একটি ড্রোন শাকারবাদ গ্রামের একটি বিদ্যালয়ে আছড়ে পড়ে। এই হামলায় দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনার পর আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলার বিষয়ে ইরানের কাছে কঠোর প্রতিবাদ জানানো হবে। তবে এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগ্রাসন শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্য ও এর আশপাশের অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে ইরান পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ও ইসরাইলি স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আজারবাইজানের নাখচিভান অঞ্চলে চালানো এই ড্রোন হামলা সেই আঞ্চলিক সংঘাতেরই অংশ কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে বিশ্লেষণ চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments