আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, ঈদের সময় কোনো বাস কোম্পানি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট বাসের রুট পারমিট বাতিল করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, "বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। ভাড়ার তালিকা নির্দিষ্ট করা আছে। নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকা বেশি নিলেও আমাদের জানান, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।"
ঈদে যানজট নিরসনে পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, "একসঙ্গে ছুটি হওয়ার কারণে প্রতিবছর চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়। এবার মালিকরা আশ্বস্ত করেছেন যে, ১৬ মার্চ ১৬ শতাংশ এবং ১৭ মার্চ ২২ শতাংশ—এভাবে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়া হবে। এছাড়া বিআরটিসি থেকে বিশেষ বাসের ব্যবস্থাও রাখা হয়েছে।"
সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ২৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামতে দেওয়া হবে না। ওয়ার্কশপগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া টোল প্লাজায় জটলা কমাতে অগ্রিম টোল টিকিট সিস্টেম চালুর একটি প্রস্তাবনা বিবেচনায় রয়েছে, যা দু-এক দিনের মধ্যে চূড়ান্ত হবে।
সড়কে চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাইওয়ে পুলিশ তৎপর থাকবে উল্লেখ করে তিনি বলেন, "প্রায় দেড় কোটি মানুষ ২ থেকে ৩ দিনের মধ্যে ঢাকা ছাড়বে, যা একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা নিশ্চিত করছি, এবার মানুষ আগের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদযাত্রা উপভোগ করতে পারবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
মানবকণ্ঠ/ডিআর




Comments