Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রাপ্ত ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণের দায়ের করা এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি জাকির হোসেনের একক নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে কপিল কৃষ্ণের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোস্তাক ও অ্যাডভোকেট হাসানুল আলম। আদেশের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট হাসানুল আলম জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান ১ লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী ঘোষিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ পান ১ লাখ ১৪ হাজান ৫৯০ ভোট।

তিনটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৪৭টি ভোটকেন্দ্র ছিল। নির্বাচনের ফলাফল প্রকাশের পর কপিল কৃষ্ণ ১৫, ১৭, ২১, ২২, ২৫, ২৬, ২৭, ১১৬, ১১৭, ১২৮ ও ১৩৫ নম্বর কেন্দ্রের ঘোষিত ফলাফল নিয়ে আপত্তি তোলেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রতিকার না পেয়ে তিনি হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত আজ নির্দিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনর্গণনার নির্দেশ দিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই জয়লাভ করেন জামায়াত সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে কেবল বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। হাইকোর্টের এই আদেশের ফলে বাগেরহাট-১ আসনের চূড়ান্ত ফলাফল নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর