পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব’ নীতির আলোকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাস্তববাদী ও টেকসই। ইফতারের এই আয়োজনকে বিভিন্ন জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা এবং ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন তিনি।
অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ করা, প্রতিযোগিতামূলক বাজার তৈরি এবং দায়িত্বশীল বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। বহুমুখী, প্রযুক্তিভিত্তিক ও টেকসই অর্থনীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।
সুশাসন, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে তারেক রহমান বলেন, দুর্নীতি দমনে সরকার কঠোর অবস্থান নেবে। তার মতে, গণতন্ত্র কেবল ব্যালট বাক্সে সীমাবদ্ধ নয়; এটি অন্তর্ভুক্তি, জবাবদিহিতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ধারাবাহিক অঙ্গীকার। সামাজিক সুরক্ষায় প্রতিটি পরিবারের নারী সদস্য ও কৃষকদের জন্য পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ চালুর ঘোষণাও দেন তিনি।
পাশাপাশি, শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষার প্রসার ও পাঠ্যক্রমে তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা এবং প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ইফতার মাহফিলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এতে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মানবকণ্ঠ/আরআই




Comments