Image description

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী এবং ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, বায়ুদূষণ কমানো এখন কেবল সরকারের একার কাজ নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। পরিবেশ রক্ষায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তবে এ ক্ষেত্রে জনগণসহ সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

রোববার (৮ মার্চ) সকালে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে তিনি ফেনীতে অবস্থান করছেন।

মন্ত্রী বলেন, "শুধু বায়ুদূষণ নয়, এর পাশাপাশি শব্দদূষণ এবং নদী দূষণও কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। পরিবেশ দূষণ সরাসরি আমাদের জাতীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং মানুষের জীবনমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।"

বিভিন্ন গবেষণার তথ্য উল্লেখ করে আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন, "বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। তাই একটি সুস্থ ও সবল জাতি গঠনে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।"

তিনি আরও জানান, জনগণের জীবনমান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে বিভিন্ন সময়োপযোগী কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির ওই সভায় জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর