টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর শেষ পর্যায়ে পৌঁছেছে। অ। আজ রোববার (৮ মার্চ) ভারতের আহমেদাবাদের ঐতিহাসিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল ম্যাচ। শিরোপা নির্ধারণী এই লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড।
ফাইনালের আগে দর্শকদের জন্য আয়োজন করা হয়েছে জমকালো সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশ্বের জনপ্রিয় কয়েকজন সংগীতশিল্পী পারফর্ম করবেন।
সমাপনী অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ক্রিকেট ভক্তদের জন্য এটি শুধু ম্যাচ নয়, বরং সংগীত ও বিনোদনের এক বিশেষ আয়োজনও হয়ে উঠছে। মঞ্চ মাতাতে থাকছেন বিশ্বখ্যাত পুয়ের্তোরিকান গায়ক রিকি মার্টিন। তার সঙ্গে পারফর্ম করবেন বলিউড ও পাঞ্জাবি সংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুখবির সিং এবং গুজরাটি লোকসংগীতের পরিচিত মুখ ফাল্গুনী পাথক। তাদের পরিবেশনায় সমাপনী অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ফাইনালে ওঠার পথে দু’দলই কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এসেছে। মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে অধিনায়ক সূযকুমার যাদবের নেতৃত্বে ভারত ৭ রানে হারিয়েছে ইংল্যান্ডকে। অন্যদিকে কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ড ৯ উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এটি ভারতের চতুর্থ উপস্থিতি। দলটি এবার রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে নিউজিল্যান্ড খেলবে তাদের দ্বিতীয় ফাইনাল এবং প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।
নিজেদের মাঠে খেলা, বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নামা এবং সম্প্রতি কিউইদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কারণে অনেকের কাছেই ফাইনালে ভারতকে এগিয়ে রাখা হচ্ছে। তবে পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় এখনো ধরা দেয়নি। ফলে ফাইনালের লড়াই যে বেশ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তা বলাই যায়।
টুর্নামেন্টজুড়ে দু’দলই কয়েকবার ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে তারা। তাই ক্রিকেটভক্তরা এখন অপেক্ষায় আছেন সংগীত, বিনোদন আর হাইভোল্টেজ ক্রিকেটে ভরা এক স্মরণীয় রাতের।




Comments