Image description

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি সমর্থন ব্যক্ত করে অভিনন্দন জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

সামরিক বাহিনী মোজতবা খামেনিকে নিয়ে দেওয়া বিবৃতিতে বলেছে, মোজতবা খামেনি একজন ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান... ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ ব্যক্তি। খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে।

আইআরজিসি বিবৃতিতে বলেছে, ‘তারা নতুন সুপ্রিম লিডারের সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।’

বিবৃতিতে সংস্থাটি বলেছে, বিশেষজ্ঞ পরিষদের খামেনির এই নির্বাচন সবার কাছে প্রমাণ করেছে যে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। একই সঙ্গে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েল-মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে মোজতবা খামেনি কঠোর সামরিক অবস্থানের ইঙ্গিত দিলেন। তার দায়িত্ব গ্রহণের পরপরই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এক নতুন অধ্যায়ের সূচনা করল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। বিবিসির লাইভ আপডেটে জানানো হয়, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইরান সোমবার (৯ মার্চ) প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এ ছাড়া আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’ বিশ্লেষকদের মতে, নতুন নেতার এই পদক্ষেপ তেহরানের পূর্ববর্তী পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলে কিছুটা হলেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।