চীন বলেছে, আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত তেহরানের নিজস্ব ব্যাপার। একই সঙ্গে চীন সতর্ক করে দিয়ে বলেছে, নতুন নেতাকে লক্ষ্য করে যেকোনো হামলার প্রচেষ্টারও তারা বিরোধিতা করে।
ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে হুমকি দিয়েছিল, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির যেকোনো উত্তরসূরিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। খামেনি ও তার পরিবারের কিছু সদস্য এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফা হামলায় নিহত হন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সোমবার সাংবাদিকদের বলেন, মুজতবা খামেনিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ‘ইরানের সংবিধানের ভিত্তিতে’ নেওয়া হয়েছে।
নতুন নেতার বিরুদ্ধে হুমকির বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।’
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে। ইরান এ আগ্রাসনের জবাবে ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
সূত্র: আরব নিউজ




Comments