জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী
জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি সরকার অক্ষরে অক্ষরে পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "সরকার জনগণের কাছে যে অঙ্গীকার করেছে, তা থেকে বিন্দুমাত্র বিচ্যুত হবে না। তবে বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে, তার প্রভাবে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। এ জন্য আমি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।"
তারেক রহমান উল্লেখ করেন যে, নির্বাচনের মাধ্যমে দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ক্ষমতা গ্রহণের এক মাসের কম সময়ের মধ্যেই সরকার তার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছে। তিনি দিনটিকে ব্যক্তিগত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত আবেগঘন ও ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন।
নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, "দেশের অর্ধেক জনসংখ্যাই নারী। তাদের বাদ দিয়ে বা অবমূল্যায়ন করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও স্বচ্ছল করে তুলতেই এই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।"
প্রাথমিকভাবে দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জনকে এই কার্ড দেওয়া হচ্ছে। আজ কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকার ১৫ হাজার নারী এই কার্ড গ্রহণ করেছেন। সরকারের লক্ষ্য হলো—আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের প্রত্যেকের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও একটি খুশির খবর দেন। তিনি জানান, ফ্যামিলি কার্ডের সফল উদ্বোধনের পর আগামী মাসের মধ্যেই কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যা কৃষি খাতে নতুন গতির সঞ্চার করবে।
মানবকণ্ঠ/আরআই




Comments