Image description

মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় এক বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে প্রতি সপ্তাহে এক দিন একযোগে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। একই সঙ্গে এই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু বা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে আক্রান্ত না হওয়ার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করাই জরুরি। যদিও সাধারণত জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে, তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি এখন আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময় মানুষ এতে আক্রান্ত হতে পারে।"

এডিস মশার প্রজনন রুখতে প্রধানমন্ত্রী নির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন:

৩ দিনের বেশি জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়, তাই বাড়ির ছাদে, ফুলের টবে, ড্রাম বা বালতিতে পানি জমতে দেওয়া যাবে না।

পানির ট্যাংক অবশ্যই ঢেকে রাখতে হবে।

ড্রেন, নর্দমা ও ডোবা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।

প্রতি সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও বাইরে পরিষ্কার করা বাধ্যতামূলক।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ থেকে এই অভিযান শুরুর ঘোষণা দিয়ে বলেন, "সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র। আমি দেশের সকল সংসদ সদস্য এবং সর্বস্তরের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা জনগণকে সাথে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার নিজ নিজ এলাকা এবং আশপাশের অঞ্চলে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন।"

সরকারের এই সময়োপযোগী উদ্যোগ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

মানবকণ্ঠ/আরআই