Image description

রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ মধ্যরাতে তীব্র বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার বিশেষ বার্তায় বলা হয়েছে, উল্লিখিত তিন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, একটি লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে দেশের আটটি বিভাগেই বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী—রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

অপ্রত্যাশিত এই ঝোড়ো হাওয়ার সময় নদীবন্দরগুলোতে ছোট নৌযান চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ। আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও এই অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।

মানবকণ্ঠ/আরআই