ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ঢাকা-১০ ও কক্সবাজার-৪ আসনের ব্যালট পেপার এবং রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত এই দুই আসনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলাগুলো শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ঢাকা-১০ আসনে নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জসিম উদ্দিন। অন্যদিকে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ভোট কারচুপির অভিযোগে মামলা করেন একই দলের প্রার্থী নূর আহমেদ আনোয়ারী।
এর আগে বুধবার (১১ মার্চ) আরও ৫টি আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই দিনে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বিএনপি ও জামায়াতের আরও ৭ প্রার্থী মামলা দায়ের করেন। এদের মধ্যে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম (যিনি নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন), খুলনা-৫ আসনের জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, বরগুনা-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ, পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী, চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরিফুজ্জামান শরীফ, মাদারীপুর-১ আসনের বিএনপির প্রার্থী নাদিরা আক্তার এবং নীলফামারী-২ আসনের বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম রয়েছেন।
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে ‘নির্বাচনি আবেদন’ করার আইনি বিধান রয়েছে। নির্বাচনি ট্রাইব্যুনাল এসব অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট আসনের ফলাফলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবেন। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের নিয়মিত শুনানি চলছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments