Image description

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়। রিপোর্টের ফলাফল পর্যালোচনায় তার শারীরিক অবস্থার অবনতি পরিলক্ষিত হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বসে। বোর্ড সবকিছু বিচার-বিশ্লেষণ করে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদেরও এ বিষয়ে পূর্ণ সম্মতি নেওয়া হয়েছে।

অস্ত্রোপচারের জন্য গঠিত মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞগণ রয়েছেন। এর মধ্যে রয়েছেন— অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান। এসময় মেডিকেল বোর্ডের সদস্যরা প্রধানমন্ত্রীকে অসুস্থ মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা ও অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। ডা. রফিক মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর