রাজধানীর আদাবর থানাধীন আহমেদ নগর বেড়িবাঁধ এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক মালামালের স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ২টা ৩৪ মিনিটে আহমেদ নগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার মাত্র এক মিনিটের মাথায় অর্থাৎ ২টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং ২টা ৫২ মিনিটে পৌঁছে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় এবং প্লাস্টিক জাতীয় দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। বর্তমানে মোট ৪টি ইউনিট আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অগ্নিকাণ্ডস্থল থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের কর্মীরা চারদিক থেকে আগুন ঘিরে ধরে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments