সারা দেশের কৃষকদের জন্য নতুন বছরের বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে 'কৃষক কার্ড' বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন তিনি। রোববার (১৫ মার্চ) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে এই প্রকল্পের চূড়ান্ত রূপরেখা নির্ধারণে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষি খাতের আধুনিকায়ন এবং কৃষকদের সরাসরি সরকারি সহায়তা ও প্রণোদনা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজেই এই বিশেষ বৈঠকের সভাপতিত্ব করেন।
সকাল ১১টায় সংসদ সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে কৃষি মন্ত্রী আমিন উর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সার, বীজ ও ঋণের সুবিধা পাবেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রকৃত কৃষকের হাতে সরাসরি সেবা পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পটিকে তার সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন।
আগামী পহেলা বৈশাখের এই শুভক্ষণে কৃষক কার্ড উদ্বোধনের মাধ্যমে কৃষি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছেন নীতি-নির্ধারকরা।
মানবকণ্ঠ/আরআই




Comments