Image description

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বড় ধরনের দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাকে নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এই গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর নেতৃত্ব দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দপ্তর পুনর্বণ্টনের তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ডা. জাহেদ উর রহমান সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও আমার ওপর ন্যস্ত হয়েছে। এই গুরুদায়িত্ব পালনে আমি সবার দোয়া ও সহযোগিতা চাই।’

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ডা. জাহেদ উর রহমানকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন থেকেই তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করে আসছিলেন। সরকারের প্রচার ও সংস্কৃতি অঙ্গনে নতুন গতি ফেরাতেই তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মানবকণ্ঠ/আরআই