জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা নয়, বরং এটি পুরো বাংলাদেশের মানুষের এজেন্ডা। এই সনদের ভিত্তিতেই দেশে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৭০ শতাংশ মানুষ এর বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয় হলরুমে আয়োজিত এক কর্মিসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, "বিএনপি এবার প্রায় ৫০ শতাংশ ভোট নিয়ে সরকার গঠন করেছে। কিন্তু জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭০ শতাংশ। এর অর্থ হলো, বিএনপির অসংখ্য সমর্থকও এই সনদের পক্ষে। ক্ষমতায় আসার পর যদি বিএনপি জনগণের এই বিশাল ম্যান্ডেট এবং গণভোটের আকাঙ্ক্ষা ভুলে যায়, তবে সেটি হবে তাদের স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।"
তিনি আরও বলেন, "সংবিধান ও রাষ্ট্র সবই জনগণের জন্য। দেশের সংবিধানই বলছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই জনগণ যখন জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট দেয়, তখন সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করলে মুক্তিকামী মানুষ তা মেনে নেবে না। আমরা রাজপথ থেকে সংসদ—সর্বত্র জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের অপচেষ্টা প্রতিরোধ করব।"
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন, "সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপরাধ দমনে দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। উত্তরা ও শহীদ মিনারে খুনের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত শক্ত কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সময়মতো কঠোর অবস্থান নিত, তবে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।"
এ সময় ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গী উপজেলার জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments