সংকটেও যোগ্যতার প্রমাণ দিয়েছে সরকার, এ বছরই বিএনপির কাউন্সিল ও স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই কোনো না কোনো বৈশ্বিক দুর্যোগ বা অস্থিরতা তৈরি হয়। এবারও দায়িত্ব নেওয়ার পরপরই ইরান-ইসরায়েল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। কিন্তু সরকারের বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে জ্বালানি তেলের কোনো সংকট তৈরি হয়নি এবং তেলের দামও বাড়াতে হয়নি। এমনকি এমন কঠিন পরিস্থিতিতেও আমরা গার্মেন্টস খাতের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করতে পেরেছি।’
দলীয় ও স্থানীয় সরকার রাজনীতি নিয়ে বড় দুটি ঘোষণা দেন মির্জা ফখরুল। তিনি জানান, বর্তমানে ছোট পরিসরে দলীয় কার্যক্রম চললেও এ বছরের মধ্যেই বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার দ্রুত কাজ করছে। নির্বাচন কমিশন পুনর্গঠনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের।
সরকারের প্রথম মাসের সার্বিক মূল্যায়ন করে তিনি বলেন, ‘ইতিমধ্যে ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হয়েছে এবং সেখানে অত্যন্ত গঠনমূলক আলোচনা চলছে। তবে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা। সরকার এই লক্ষ্যকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’
বগুড়ার সান্তাহারে ট্রেনের লাইনচ্যুতির মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘এসব সমস্যার স্থায়ী ও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই দেশের রেল যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও গতিশীল হবে।’
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকারের এই এক মাসের তৎপরতা সাধারণ মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করেছে বলে মনে করেন মির্জা ফখরুল।
মানবকণ্ঠ/আরআই




Comments