সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বগুড়ার আদমদীঘিতে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার পর দ্রুত উদ্ধারকাজ ও হতাহতদের চিকিৎসা নিশ্চিতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে বুধবার সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে ফোনে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুততম সময়ে নিকটস্থ হাসপাতালগুলোতে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
উদ্ধারকাজ নিয়ে প্রধানমন্ত্রী প্রশাসনকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনের বগিগুলো দ্রুত সরিয়ে লাইন সংস্কার করতে হবে, যাতে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় সচল হয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প উপায়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বগুড়া জেলা প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনি এলাকা হওয়ায় তিনি এই দুর্ঘটনার বিষয়ে আলাদাভাবে নজর রাখছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তারেক রহমান। পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি ওই আসনটি ছেড়ে দেন। নিজের এলাকার মানুষের এই বিপদে প্রধানমন্ত্রী অত্যন্ত বিচলিত বোধ করছেন এবং উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত খোঁজ নিচ্ছেন।
প্রসঙ্গত, বুধবার দুপুর আড়াইটার দিকে আদমদীঘি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়। ঈদযাত্রার এই সময়ে এমন দুর্ঘটনায় ট্রেনের ছাদে থাকা বহু যাত্রীসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments