এক মাসের সিয়াম সাধনা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ এখন পবিত্র ঈদুল ফিতরের অপেক্ষায়। আকাশে শাওয়াল মাসের বাঁকা চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই উৎসব পালিত হয়। তবে উন্নত প্রযুক্তি ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, বিশ্বের তিন দেশ—তুরস্ক, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর ইতিমধ্যে তাদের দেশে কবে ঈদ উদযাপিত হবে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
তুরস্ক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ ধারণা করছে, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যায় তুরস্কের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সেই হিসেবে শুক্রবার থেকেই দেশটিতে উৎসবের আমেজ শুরু হবে।
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আজ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, সে দেশেও ঈদুল ফিতর উদযাপিত হবে ২০ মার্চ (শুক্রবার)। তাঁদের গণনা অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে রমজানের শেষ দিন। ফলে শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন এবং দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে।
তবে সিঙ্গাপুরে ঈদ উদযাপিত হবে একদিন পরে। সিঙ্গাপুর সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২১ মার্চ (শনিবার)। সে দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যায়। এর ফলে সিঙ্গাপুরের মুসলিমরা এবার পূর্ণ ৩০টি রোজা পালন করবেন।
উল্লেখ্য, প্রতিবছরই ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপিত হয়। তুরকি, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের এই ঘোষণার পর এখন মধ্যপ্রাচ্যসহ এশিয়ার অন্য দেশগুলোর জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বিশ্ববাসী।
মানবকণ্ঠ/আরআই




Comments