সাভারে হেমায়েতপুর কালচারাল ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
সকলের হাতে ঈদ সামগ্রী তুলে দেন বিএনপি নেতা অ্যাডভোকেট মো. মেহেদী হাসান এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও হেমায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিরা।
অ্যাডভোকেট মো. মেহেদী হাসান বলেন, হেমায়েতপুর কালচারাল ক্লাবের এই উদ্যোগ প্রমাণ করে যে, স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ থাকলে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। সমাজের প্রতিটি স্তরে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মোহাম্মদ শরিফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশের বিকল্প নেই। হেমায়েতপুর কালচারাল ক্লাব যেভাবে দুস্থদের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সংবাদকর্মী হিসেবে আমরা সবসময় সত্য ও ন্যায়ের কথা বলি, আর সামাজিকভাবে আমাদের দায়িত্ব হলো সাধারণ মানুষের অধিকার ও সুখে-দুখে অংশীদার হওয়া। এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, এটি আমাদের পারস্পরিক সহমর্মিতার প্রতীক।
এছাড়া ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান-এর পক্ষ থেকেও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।




Comments