দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এ উৎসব সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে ঈদযাত্রায় প্রতি বছরই ভোগান্তিতে পড়েন তারা। রাজধানী ঢাকা থেকে মাদারীপুরের শিবচরগামী যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সরেজমিনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় গিয়ে ঈদগামী যাত্রীদের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দক্ষিণাঞ্চলগামী লেনে দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের ব্যাপক চাপ রয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা প্রায় সব পরিবহনেই যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। লোকাল পরিবহনেও স্বাভাবিকের তুলনায় বেশি যাত্রী বহন করা হচ্ছে।
এ ছাড়া অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে ফিরতে হওয়ায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।
যাত্রীরা জানান, ঢাকার যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে শিবচর উপজেলার পাঁচ্চর বাসস্ট্যান্ড পর্যন্ত ভাড়া ১৭০ টাকা। কিন্তু ঈদ উপলক্ষে যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে বিভিন্ন পরিবহন ১৭০ টাকার ভাড়ার পরিবর্তে দাঁড়ানো যাত্রীদের কাছ থেকে ২৫০-৩০০ ও সিটে বসানো যাত্রীদের কাছ থেকে ৪০০-৫০০ টাকা করে আদায় করছে।
এক যাত্রী জানান, লম্বা ছুটি পাওয়ায় প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উদযাপনের লক্ষ্যে শিবচরে এসেছি। দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকবারের মতো এবার বাস মালিকরা ১৫০-২০০ টাকা বাড়তি আদায় করছে। নিরুপায় হয়ে বেশি টাকা দিয়েই আসতে হয়েছে।
স্বাধীন নামের এক বাস স্টাফের ভাষ্যমতে, ঢাকা থেকে বের হওয়ার সময় যাত্রীদের চাপ রয়েছে। তবে, ফিরতে হয় খালি। পুষিয়ে নিতে কিছু টাকা বাড়তি নিতে হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে ও দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ চলছে।




Comments