Image description

রেলওয়ের অনলাইন টিকিটিং ব্যবস্থায় ত্রুটি ও সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে যাত্রীদের ভোগান্তির বিষয়টি স্বীকার করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন টিকিটিং ব্যবস্থার দুর্বলতা বর্তমানে সরকারের নজরে এসেছে। সফটওয়্যারের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সেই টিকিটগুলোই বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে। এই অব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট মহল সুযোগ হিসেবে ব্যবহার করছে।

হাবিবুর রশিদ হাবিব আরও জানান, অনলাইন ব্যবস্থাকে স্বচ্ছ ও কালোবাজারিমুক্ত করতে ইতিমধ্যে সফটওয়্যার উন্নয়নের (Update) নির্দেশ দেওয়া হয়েছে। টিকিট বিক্রিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক হয়েছে এবং খুব দ্রুতই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে যাতে সাধারণ যাত্রীরা সহজেই টিকিট পেতে পারেন।

রেলে আধুনিকায়নের অংশ হিসেবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমানে তিনটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই (Wi-Fi) সেবা চালু করা হয়েছে। এই পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের সব আন্তঃনগর ট্রেনে ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা হবে। ট্রেন ভ্রমণকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মানবকণ্ঠ/ডিআর