Image description

ঈদ মানেই আনন্দ, আর বাঙালির ঈদ বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে প্রেক্ষাগৃহের নতুন সিনেমা। এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢালিউডে বইছে উৎসবের হাওয়া। দর্শকদের রুচি ও চাহিদার বৈচিত্র্য মাথায় রেখে এবার মুক্তি পেতে যাচ্ছে ভিন্ন ভিন্ন ঘরানার পাঁচটি বিগ বাজেট সিনেমা— ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’। এক সময়ের একক আধিপত্য ভেঙে এখন মেধা ও নির্মাণের লড়াইয়ে নামছেন সুপারস্টার থেকে শুরু করে মেধাবী নির্মাতারা।

‘প্রিন্স’: নব্বই দশকের সেই অন্ধকার জগত ও শাকিব ম্যাজিক


শাকিব ভক্তদের জন্য এবারের বড় আকর্ষণ ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের ছায়া অবলম্বনে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক দুর্ধর্ষ চরিত্রে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে শাকিবের বিপরীতে আছেন তসনিয়া ফারিণ। অপরাধ জগতের বাস্তব চিত্র আর শাকিবের নতুন লুক নিয়ে সিনেমাটি ইতোমধ্যে আলোচনার শীর্ষে রয়েছে।

‘বনলতা এক্সপ্রেস’: হুমায়ূন সাহিত্যের নস্টালজিয়া


নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। পরিচালক তানিম নূর এখানে এক সুতোয় গেঁথেছেন দুই শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকে। ট্রেনের একটি যাত্রাকে কেন্দ্র করে মানবিক সম্পর্কের গভীর আখ্যান ফুটে উঠবে এই সিনেমায়। আরও আছেন আজমেরী হক বাঁধন ও শরীফুল রাজ।

‘দম’: নিশো ও চঞ্চলের রুদ্ধশ্বাস লড়াই


রেদওয়ান রনির কামব্যাক ফিল্ম ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ নিয়ে দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা। প্রথমবারের মতো বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। কাজাখস্তানের তুষারপাত থেকে পাবনার গ্রাম—এক সাধারণ মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ের গল্প এটি। নিশোর বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে।

‘রাক্ষস’: সিয়ামের স্টাইলিশ অ্যাকশন


অ্যাকশন প্রিয় দর্শকদের জন্য আসছে ‘রাক্ষস’। সিয়াম আহমেদকে এখানে দেখা যাবে তার চিরচেনা রোমান্টিক ইমেজের বাইরে এক স্টাইলিশ অপরাধী হিসেবে। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এই ছবিতে সিয়ামের বিপরীতে ঢালিউডে অভিষেক ঘটছে কলকাতার সুস্মিতা চট্টোপাধ্যায়ের। শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় চিত্রায়িত এই সিনেমাটি হাই-ভোল্টেজ ভায়োলেন্সে ভরপুর থাকবে।

‘প্রেশার কুকার’: রায়হান রাফীর নারীকেন্দ্রিক চমক


হালের ক্রেজ নির্মাতা রায়হান রাফী এবার নিয়ে আসছেন ‘প্রেশার কুকার’। এটি একটি পিওর ফিমেল লিড সিনেমা, যেখানে ঢাকার নাগরিক জীবনের অসহনীয় চাপের গল্প বলবেন বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী। ভিন্নধর্মী প্রচারণার কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে।

পাঁচটি সিনেমার গল্প ও ঘরানা সম্পূর্ণ আলাদা হওয়ায় এবার দর্শক সমাগম রেকর্ড ছাড়াবে বলে আশা করছেন হল মালিক ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, শেষ হাসি হাসেন কে—শাকিব খান নাকি চঞ্চল-নিশো-সিয়ামের তারুণ্য!

মানবকণ্ঠ/ডিআর