যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলী মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’ এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোররাতে ‘আমেরিকা-ইহুদিবাদী’ গোষ্ঠীর কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলায় নাঈনি শহীদ হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জেনারেল আলী মোহাম্মদ নাঈনির মৃত্যুর খবর ঘোষণা করেছে।
খবরে বলা হয়, শুক্রবার ভোররাত থেকে তেহরানের পূর্বাঞ্চলসহ কারাজ, কেরমান, বন্দর লেঙ্গেহ এবং কাশান শহরে সিরিজ হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, এসব হামলার কোনো একটিতে তিনি প্রাণ হারিয়েছেন। তবে তিনি ঠিক কখন বা কোন স্থানে নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
৬৮ বছর বয়সী আলী মোহাম্মদ নাঈনি আইআরজিসির সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। ২০২৪ সালে তিনি এই বাহিনীর মুখপাত্র হিসেবে নিযুক্ত হন। তার জন্ম ইরানের কাশান শহরে।
উল্লেখ্য, নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাঈনি বলেছিলেন, “যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও আমাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা পূর্ণমাত্রায় রয়েছে।” এই বিবৃতির পরপরই তার মৃত্যুর খবর আসায় হত্যাকাণ্ডটি নিয়ে কিছুটা অস্পষ্টতা তৈরি হয়েছে।
এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/ডিআর




Comments