প্রবাসীরা কর্মসংস্থানে ফিরে যেতে চাইলে আমরা সহযোগিতা করব: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, “আমরা যুদ্ধকালীন সময়ে প্রবাসীদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। সৌদি আরবে হামলায় নিহত প্রবাসী মোশাররফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। তার পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।”
শুক্রবার (২০ মার্চ) সকালে সৌদি আরবের আলখারাজ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের মরদেহ দেশে আনার যাবতীয় খরচ সরকার বহন করছে। এছাড়া নিহত মোশাররফের পরিবারকে ৩ লাখ ৫০ হাজার টাকা তাৎক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি যাদের বিএমইটি (BMET) কার্ড রয়েছে, তারা বীমা ও অন্যান্য খাত থেকে আরও ১০ লাখ টাকা পাবেন। অর্থাৎ সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি ১৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কর্মসংস্থান হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের বিষয়ে মন্ত্রী বলেন, “যারা ফিরে আসছেন, আমরা তাদের সঙ্গে আলোচনা করব। তারা যদি পুনরায় কর্মস্থলে ফিরে যেতে চান, তবে ভিসার মেয়াদ বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আর যারা দেশে থাকতে চান, তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও সরকার করবে।”
উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেন নিহত হন। ইফতারের ঠিক আগ মুহূর্তে চালানো ওই হামলায় মোশাররফসহ মোট তিনজন প্রাণ হারান।
শুক্রবার বিমানবন্দরে মোশাররফের মরদেহ গ্রহণের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তারা নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments