Image description

বর্তমান সরকার দেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা চুক্তিগুলো বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (২৩ মার্চ) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি নয়, বরং অনেকগুলো চুক্তি রয়েছে। সব চুক্তি নিয়েই আলোচনা হবে। আমাদের অর্থনীতির জন্য সহায়ক এবং বাস্তবায়নযোগ্য চুক্তিগুলো নিয়ে আমরা ইতিবাচকভাবে এগোব।’

বাংলাদেশ একটি রপ্তানিমুখী দেশ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনসহ ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সব দেশের সঙ্গেই আমাদের সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এবং আলোচনার ভিত্তিতেই যেকোনো চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের পরপরই এই যুদ্ধ শুরু হয়েছে। বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, কুয়েত ও ইরানে অবস্থানরত প্রবাসীদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।’

প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি জানান, যারা যুদ্ধকবলিত এলাকা থেকে ফিরতে চাইছেন, তাদের সহায়তায় সরকার কাজ করছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ঈদের আগের রাতে ইরান থেকে ২৮০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া কাতারসহ বিভিন্ন দেশে অবস্থানরত কর্মীদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

মানবকণ্ঠ/ডিআর