Image description

ঈদের ছুটিতে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক ব্যতিক্রমী তদারকি উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় সিরাজগঞ্জ থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ ও ইনডোরসহ প্রতিটি বিভাগের খোঁজখবর নেন। ভিডিও কলের মাধ্যমে তিনি সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তবে তদারকির একপর্যায়ে ডিউটি রোস্টার অনুযায়ী চারজন চিকিৎসকের মধ্যে একজনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় গভীর অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। ওই চিকিৎসকের অনুপস্থিতির বিষয়ে দ্রুত খোঁজ নিয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন তিনি।

ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের ত্যাগের প্রশংসা করে ড. এম এ মুহিত বলেন, ‘আপনারা এই দুর্গম এলাকার মানুষের শেষ ভরসা। আপনাদের এই নিষ্ঠার কথা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।’ তিনি চিকিৎসকদের মনোবল বাড়িয়ে আরও আন্তরিকভাবে সেবা প্রদানের আহ্বান জানান।

তৃণমূলের স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের পর্যায়ে নিতে একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ।’

ভিডিও কল শেষে প্রতিমন্ত্রী হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীদের সেবার মান সমুন্নত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন।

মানবকণ্ঠ/ডিআর